পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ডাকে বিক্ষোভ শুরু হয়েছে, যা দেশটিকে উত্তাল করে তুলেছে। তাদের নেতাকর্মীরা রাজধানী ইসলামাবাদের দিকে মিছিল করে এগিয়ে চলেছে।
বিক্ষোভে ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও উপস্থিত রয়েছেন। তিনি জানিয়েছেন, “আমরা ইমরান খানকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এখানে এসেছি। আমরা ইমরানকেই নিয়ে ফিরব।”
পিটিআই নেতাকর্মীরা আজ সোমবার ইসলামাবাদের ডি চক এলাকায় সমবেত হওয়ার ঘোষণা দিয়েছেন। এজন্য গতকাল রবিবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে কর্মী-সমর্থকরা গাড়িবহর নিয়ে ইসলামাবাদে পৌঁছানোর জন্য রওনা দেন। ১৩ নভেম্বর ইমরান খান নির্বাচনে গণরায় চুরি, বেআইনি গ্রেপ্তার এবং সংবিধানের ২৬তম সংশোধনের বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেন, যা তিনি ‘চূড়ান্ত ডাক’ হিসেবে উল্লেখ করেছেন।
বুশরা বিবি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গান্দাপুরের সাথে গাড়িবহরে রয়েছেন। অ্যাটকোর কাছে ঘাজি সেতুর কাছে পৌঁছালে তিনি নিজের গাড়িতে বসেই সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি ইমরান খানকে নিয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।
গাড়িবহরের ধীরগতির কারণে বুশরা বিবির কণ্ঠে হতাশার সুর শোনা যায়। তিনি কর্মী-সমর্থকদের বলেন, “সময় নষ্ট হচ্ছে। আপনারা যেন নিজেদের গাড়িতে অবস্থান করেন, যাতে আমরা দ্রুত ইসলামাবাদে পৌঁছাতে পারি।”
এই বিক্ষোভের মাধ্যমে ইমরান খান ও তাঁর দলের সদস্যরা আশাবাদী যে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারবেন।

0 মন্তব্যসমূহ